ইরানের সঙ্গে মেডিকেল উচ্চ শিক্ষার স্মারক পর্যালোচনা সভা ৫ জুন
মেডিভয়েস রিপোর্ট: ইরানের সঙ্গে মেডিকেল উচ্চ শিক্ষার স্মারক পর্যালোচনা সভা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইরানের সাথে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং ইরানে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ, বৃত্তি ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া সমঝোতা স্মারক পর্যালোচনার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আগামী ৫ জুন (সোমবার) বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এক সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশা দেওয়া হয়েছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।