ডা. জাফরুল্লাহর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
মেডিভয়েস রিপোর্ট: ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
আজ রোববার (৯ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, আজ দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে এ মেডিকেল বোর্ড গঠিত হয়।
মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গত তিন দিনে তেমন কোন উন্নতি না হওয়ায় আজ রোববার বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের মিটিং হয়।’
এদিকে, গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে আজ রোববার (৯ এপ্রিল) বেলা ১টায় গণস্বাস্থ্য হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। প্রায় ৩০ মিনিট উপস্থিত থেকে চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নতির জন্য পরামর্শ দেন তিনি। এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা টিমের বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।