অটিজমে আক্রান্তদের পুনর্বাসনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
মেডিভয়েস রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অটিজম ও মস্তিষ্কের বিকাশজনিত অসুবিধা (এনডিডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রোববার (২ এপ্রিল) ১৬তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ‘১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ উপলক্ষে দেশের সব অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি, তাদের পরিবার এবং অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনগুলোকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আবদুল হামিদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজ ও পরিবারের অংশ। প্রতিবন্ধী ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅ্যাবিলিটি (এনডিডি) বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সরকার এরই মধ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ২০১৩’, ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’, ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮’ এবং ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, ২০১৯’ প্রণয়ন ও বাস্তবায়ন করেছে।
রাষ্ট্রপতি বলেন, বিধিমালা ও নীতিমালা বাস্তবায়নের ফলে প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা অনুযায়ী সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে চিকিৎসা ও থেরাপি সেবার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া গ্রহণ করার প্রয়াস চলমান রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এরই মধ্যে অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে, যা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
রাষ্ট্রপতি বলেন, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা শিশু ও ব্যক্তিদের নিয়েই উন্নয়ন ও অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সব প্রতিবন্ধী ব্যক্তির মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে আরও প্রসারিত করবে।
রাষ্ট্রপতি ১৬তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।