৪৫তম বিসিএস প্রিলি ১৯ মে
মেডিভয়েস রিপোর্ট: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসের ১৯ তারিখে আয়োজন করা হবে। আজ রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ১৯ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।'
এতে আরও বলা হয়, ‘পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোন সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।’
জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্যে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর পর সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
এসএস/এমইউ