১৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২৯ পিএম

যকৃতের চিকিৎসায় ‘কালমেঘে’র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

যকৃতের চিকিৎসায় ‘কালমেঘে’র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
কালমেঘের ভেষজ গুণ অন্তত পাঁচটি ক্ষেত্রে যকৃতের চিকিৎসায় কাজে লাগতে পারে বলে জানিয়েছেন হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যকৃতের চিকিৎসায় কালমেঘের (ভেষজ উদ্ভিদ) গুণাগুণের কার্যকারিতা নিয়ে গবেষণা শুরু হয়েছে। 

আজ বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রায়াল কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে এ ট্রায়ালের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও গবেষক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এ সময় ট্রায়াল উপস্থাপন করেন বিভাগের রেসিডেন্ট ডা. মো. সাবিবর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা ক্ষেত্রে গবেষণার উপর বিশেষ গুরুত্বারোপ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সাম্প্রতিক সময়ে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগে হেপাটাইটিস বি রোগের নতুন আবিষ্কৃত ওষুধ ন্যাসভ্যাকের অধিকতর গবেষণার কাজ চলছে। কোভিডের সময় বিশ্ববিদ্যালয়ে ভাইরাসটির ফুল জেনোম সিকুয়েন্সিং করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে সম্প্রতি ২০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করার জন্য প্রবর্তন করা হয়েছে ভাইস-চ্যান্সেলর পদক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০ জনের অধিক পোস্টগ্রাজুয়েট চিকিৎসক পিএইচডি করছেন।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, কালমেঘের ভেষজ গুণ অন্তত পাঁচটি ক্ষেত্রে যকৃতের চিকিৎসায় কাজে লাগতে পারে। সেই ধারণা থেকে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ওষুধ কোম্পানি ইতিমধ্যে কালমেঘ থেকে বড়ি তৈরি করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালে সেই বড়ি ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, হার্বাল বিষয়ে কার্যকর গবেষণার জন্য তারা এরই মধ্যে জাপানের এহিমি বিশ্ববিদ্যালয় ও ওইতা বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সায়েন্সেস, ফার্মেসি অনুষদ ও বায়োকেমিস্ট্রি বিভাগ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং রাজশাহী কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে গবেষণা কোলাবরেশন গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সায়েন্সেসের চিফ সায়েন্টিস্ট ড. গাজী নুরুন নাহার সুলতানা ও প্রিন্সিপাল সাইন্টিস্ট ড. জাকির সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসি এবং ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও অধ্যাপক ড. শেখ জহির রায়হান প্রমুখ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত