০৬ জানুয়ারী, ২০২৩ ০৩:১৭ পিএম

‘ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিন নিয়ে আমি আশাবাদী নই’

‘ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিন নিয়ে আমি আশাবাদী নই’
ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে আয়োজিত এক সেশনে এ কথা বলেন করোনা প্রতিরোধক টিকা অ্যাস্ট্রাজেনেকা’র সহ উদ্ভাবক সারাহ গিলাবার্ট।

মেডিভয়েস রিপোর্ট: অক্সফোর্ডের করোনা প্রতিরোধক টিকা অ্যাস্ট্রাজেনেকা’র সহ উদ্ভাবক সারাহ গিলাবার্ট বলেছেন, ‘করোনার ভিন্ন ভিন্ন ধরনের জন্য একই ভ্যাকসিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী না।’

আজ শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে আয়োজিত এক সেশনে দর্শকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা যে ভ্যাকসিন তৈরি করা শুরু করেছি, সেটি নির্দিষ্ট স্পাইক প্রোটিনে কাজ করে। এটি অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে যাতে ভাইরাসকে অবরুদ্ধ করতে পারে। ভাইরাসকে প্রবেশে বাধা দেওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘স্পাইক প্রোটিন বিভিন্ন ভ্যারিয়েন্টে বদলায়। সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিন তৈরি করতে গেলে হয়তো আমাদের ভাইরাসের মূলে যেতে হবে। আমার কাছে এটি অসম্ভব মনে হয়। আমি এই মুহূর্তে ব্যাপকহারে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি।’

কর্মজীবনের শুরুতে স্বাধীনভাবে গবেষণা করার জন্য অর্থায়ন করার মতো কাউকে পাননি জানিয়ে সারাহ বলেন, ‘আমি ক্যারিয়ার অ্যাডভাইজ দিয়ে উপকৃত করতে চাই। আমি কর্মজীবনের শুরুতে যখন গবেষণা শুরু করতে চাই, তখন স্বাধীনভাবে গবেষণা করার জন্য অর্থায়ন করার মতো কাউকে পাইনি। এটার একটি কারণও আছে। পিএইচডি করার পরও আমার কারও অধীনে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা ছিল না। তাই আমাকে নিজের অর্থায়ন নিজেরই জোগাড় করতে হয়েছিল। তাই বলবো, সফলতা ধীরে ধীরে আসতে পারে। কিন্তু তার মানে এই না যে যাত্রাটি উপভোগ করা যাবে না।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে যখন যেটার প্রতি আগ্রহ থাকবে, যেটার জন্য কঠিন সাধনা করার ইচ্ছা থাকবে, সেই বিষয়ের প্রতি আগ্রহ থাকা উচিত। এমন কোনও বিষয় এটা ভেবে নির্বাচন করা উচিত হবে না যে, এটি পড়ে পাস করলে অনেক টাকা কামানো যাবে। সেটাই নির্বাচন করবেন, যেটার প্রতি আপনার অসীম আগ্রহ।’ 

আগে টেস্ট কিট ছিল না উল্লেখ করে সারাহ আরও বলেন, ‘আগে টেস্ট কিট ছিল না, এখন আছে। পরীক্ষার সময় কমে এসেছে। আমরা এখন চিন্তাও এনালাইসিস করার জন্য অনেক সময় পাই। আগে পরীক্ষায় শুধু অনেক সময় চলে যেতো।’

এসময় বিজ্ঞানী সেঁজুতি সাহার সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন পাটের জীন আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান এবং গবেষক অধ্যাপক ইয়াসমিন হক। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক