কর্মস্থলে যোগদান না করায় চিকিৎসককে শোকজ
মেডিভয়েস রিপোর্ট: যথা সময়ে বদলি কর্মস্থলে যোগদান না করায় রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডা. মো. মিজানুর রহমান (১০০১৩১২), সহকারী অধ্যাপক (অপথালমোলজি), ওএসডি: স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, সংযুক্ত: রংপুর মেডিকেল কলেজ, রংপুর-কে বর্ণিত ২নং স্মারকমূলে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করত: সংযুক্তিতে পাবনা মেডিকেল কলেজ, পাবনায় পদায়ন করা হয়। বদলিকৃত কর্মকর্তা ০৭ কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে ৮ম কর্মদিবস অপরাহে স্টান্ড রিলিজ বলে গণ্য হবেন মর্মে নির্দেশনা থাকা সত্ত্বেও ডা. মো. মিজানুর রহমান (১০০১৩১২) বদলিকৃত মূল কর্মস্থল পাবনা মেডিকেল কলেজে অদ্যবধি যোগদান করেননি যা অসদাচারণ ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী।’
‘এমতাবস্থায়, ডা. মো. মিজানুর রহমান বদলীকৃত কর্মস্থলে যোগদান না করায় তাঁর বিরুদ্ধে কেনো বিভাগীয় মামলা রুজু করা হবেনা মর্মে কারণ দর্শানোর জন্য বলা হলো এবং আগামী দুই কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
অবগতি ও কার্যার্থে নোটিসটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের নিকট পাঠানো হয়েছে।