বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা
মেডিভয়েস রিপোর্ট: শীতের আমেজের সঙ্গে বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ আরও বাড়ছে। এরই মধ্যে অস্বাস্থ্যকর হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ু। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঢাকার বাতাস ছিল দূষিত শহরের তালিকায় শীর্ষে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্বের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অনুযায়ী সকাল সোয়া ১০টায় রাজধানীর বায়ুর মান ছিল ৩৩৭, যা বায়ুমান সূচকে অত্যন্ত অস্বাস্থ্যকর বলা হয়।
বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রতিষ্ঠানের করা বায়ুমান সূচক অনুযায়ী, বায়ুদূষণের দিক থেকে এ সময় বিশ্বে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, বায়ুর মান ছিল ২২৬। বায়ুর মান ২০৬ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের করাচি। আর চতুর্থ অবস্থানে কলকাতা, সেখানে বায়ুর মান ১৯৮।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে 'বিপজ্জনক ’ বলা হয়।
তারা আরও বলছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে এখন চলছে শুষ্ক মৌসুম। ফলে এখানে নির্মাণকাজ ও মানুষের নানা তৎপরতা বেড়ে গেছে। ধুলা ও ধোঁয়া বেড়েছে। এটিও বায়ুদূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক কামরুজ্জামান মজুমদার বলেন, ভারতের দিল্লি, মুম্বাই, থাইল্যান্ডের ব্যাংকক, চীনের বেইজিং শহরে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছে গেলে সেসব দেশের সরকার বিশেষ স্বাস্থ্য সতর্কবার্তা জারি করে। নাগরিকদের বায়ুদূষণ থেকে রক্ষা পেতে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রচারণা বা সতর্কমূলক বার্তা নেই।
তিনি বলেন, প্রতি বছর নভেম্বর থেকে রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়া উচিত। সিটি করপোরেশন ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পানি ছিটানোর যানবাহন আছে। সেগুলোকে ধুলাদূষণ নিয়ন্ত্রণে কাজে লাগানো উচিত। নির্মাণকাজ ও যানবাহনের ধুলা নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তিনি।