মানসিক স্বাস্থ্যকর্মী আরও বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের
মেডিভয়েস রিপোর্ট: মানসিক স্বাস্থ্য নিয়ে যে প্রচারণা ও অর্থ বরাদ্দ দেওয়া উচিত তা বাংলাদেশ বা বিশ্বের কোথাও দেওয়া হয় না। অথচ উচিত হলো মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি কাজ করা। ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা চিহ্নিত হয়নি। প্রতি এক লাখ মানুষের জন্য একজনেরও কম মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষে আজ বুধবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ইনার হুইল অব ঢাকা নর্থওয়েস্ট ও ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
তারা বলেন, বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। কোভিড-১৯ মহামারি আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলেছে, তা অব্যাহত রয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি মানসিক চাপ বাড়িয়েছে। করোনার প্রথম বছরে উদ্বেগ এবং হতাশাজনক ব্যাধি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মানসিক স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং মানসিক স্বাস্থ্যের অবস্থার জন্য চিকিৎসার শূন্যতা প্রশস্ত হয়েছে।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দীনা।
অনুষ্ঠান শেষে শিশুদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য লেখা মগ তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আর বিশেষ অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান।
ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি সারাহ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান, ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সাবেক সভাপতি সাজেদা আখতার ও বাংলাদেশে সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা মোহন রায়হান প্রমুখ।