শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে দুই লাখ শিক্ষকের কাউন্সেলিং প্রশিক্ষণ শুরু
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে কাউন্সেলিংয়ের জন্য মাধ্যমিক পর্যায়ের দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ শুরু হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (বিআইসিসি), বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সামাজিক চাপের সঙ্গে পড়াশুনোর চাপ যোগ হয়েছে। আবার মহামারি করোনাভাইরাসের একটা ট্রমাও রয়েছে। আমরা এই অবস্থা থেকে উত্তরণে মাধ্যমিক পর্যায়ে মোট দুই লাখ শিক্ষককে কাউন্সিলিং শেখানোর উদ্যোগ নিয়েছি৷
দীপু মনি বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন শিক্ষক কাউন্সিলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। তারা যেসব শিক্ষার্থী সমস্যা, সংশয়, হতাশায় ভুগছে তাদের পরামর্শ দেবেন।
বাবা-মায়েদের উদ্দেশে তিনি বলেন, আমাদের জীবনের প্রতিযোগিতা যেন সন্তানদের ওপর চাপিয়ে না দেই। চেষ্টা করতে হবে সন্তানদের সক্ষমতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী যতটা ভালো করার সম্ভব তা করতে হবে। আমি যদি পরিবারের অন্য সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সন্তানের সঙ্গে, সহকর্মীর সন্তানের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতায় নামিয়ে দেই, অতিরিক্ত চাপ প্রয়োগ করি তাহলে ভয়, সংশয়ে তারা প্রায়শই এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে।