শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ইমপ্ল্যান্ট স্থাপন সম্পন্ন
মেডিভয়েস রিপোর্ট: শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হাতে ‘ডিসটাল উলনা ফ্রাকচার’ এর সফল অপারেশনের মাধ্যমে ইমপ্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. রিয়াজ মাহমুদ ইমপ্ল্যান্ট স্থাপন সম্পন্ন করেন।
উপজেলা পর্যায়ে ইমপ্ল্যান্ট স্থাপনের মতো জটিল অপারেশন সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মঞ্জরুল আলম।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে সীমিত সুযোগ সুবিধার মধ্যে অর্থোপডিক সার্জারির মতো বিশেষায়িত অপারেশন করাটা কষ্টসাধ্য। অর্থোপেডিক অপারেশনের ইন্সট্রুমেন্ট ঢাকা থেকে ভাড়া নিয়ে অপারেশন করতে হয়। উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ব্যয়বহুল অপারেশন বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করার মাধ্যমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ জেলার অন্যান্য উপজেলা সহ সদর হাসপাতালে অচিরেই অপারেশন সুবিধা বৃদ্ধি পাবে। আমি আশা করছি শ্রীনগর উপজেলা তাদের এই উন্নত সেবার সুবিধাদি অব্যহত রাখবে এবং ক্রমান্বয়ে আরও বিশেষায়িত সেবা দিতে সক্ষম হবে।
এ অপারেশন সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ত্বোহা মো. শাকিলের নেতৃত্বে এনেস্থেশিওলজিস্ট ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ও নার্সসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।
এর আগে গত আগস্ট মাসেই ছোট বড় মিলিয়ে আটটি অর্থোপেডিক্সের অপারেশন করেন ডা. রিয়াজ মাহমুদ।