৩০ অগাস্ট, ২০২২ ০৪:০০ পিএম

চিকিৎসার জন্য খুব বেশি মানুষ ভারত যায় না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসার জন্য খুব বেশি মানুষ ভারত যায় না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে প্রতিবেশী ভারতে চিকিৎসার জন্য খুব বেশি লোক যায় না বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যখন স্বাস্থ্যসেবার ব্যবস্থা দেশেই করবেন, তখন লোকে বাইরে যাবে না।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

হারুনুর রশীদ তার প্রশ্নে জানতে চান, বিগত সরকারের দোহাই দিয়ে আর কোনও লাভ নাই। কারণ, ১৫ বছর টানা আপনারা ক্ষমতায়। দেশে স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলেই মানুষ প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসার চলে যাচ্ছে। এতে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হচ্ছে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আপনারা স্বাস্থ্য খাতগুলো দুর্বল করে রাখছেন কিনা জানি না।’

জবাবে বিএনপির আমলে স্বাস্থ্যসেবা খাতে কোনও উন্নয়ন হয়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা (বিএনপি) কিছুই তৈরি করেননি।  গত ১৫ বছরে এ খাতে যে উন্নয়ন হয়েছে, তাতে দেশের গড় আয়ু ৭৩ বছর, এমডিজি অর্জন হয়েছে। ভ্যাকসিন হিরো হয়েছেন। আপনাদের সময় একটা পুরস্কারের মুখও কেউ দেখেনি। সেটা ভুলে গেলে চলবে না। আপনারা সেটা ভুললে চলবে না।’

জাহিদ মালেক বলেন, ‘আপনাদের (বিএনপি) সময়ে কয়টা হাসপাতাল ছিল? এখন কয়টা হাসপাতাল আছে, সেটা জানেন? দুই-একটা বলতে হয়, দেশে ১১১টি মেডিক্যাল কলেজ হাসপাতাল আছে। আপনাদের সময় ১০টাও ছিল না। সেটাও করেননি। এখন নার্সিং ইনস্টিটিউট আছে সাড়ে তিনশ’।  আপনাদের সময় সিট ছিল সাড়ে ছয়শ'। এখন ৩৪ হাজার নার্সিং আসন রয়েছে।’

২০২১ সালের জুনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলেছে, ভারতে চিকিৎসা নিতে আসা রোগীর ৫৪ দশমিক ৩ শতাংশ বাংলাদেশি।

বাংলাদেশে একই রোগের ওষুধে কোম্পানিভেদে দামের তারতম্য আছে। এটার সমন্বয় করতে সরকার কোনও উদ্যোগ নেবেন কিনা জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওষুধের দাম পদ্ধতি অনুযায়ী ওষুধ প্রশাসন নির্ধারণ করে দেয়। তার মধ্যে ওষুধের কাঁচামাল যেগুলো আমদানি করা হয় এবং অন্যন্য উৎপাদন খরচ ও ভ্যাট যোগ করে একটা মূল্য ঠিক করে দেওয়া হয়। কিন্তু ওষুধের পরের দামটা (ভোক্তা পর্যায়ে) ওষুধ প্রশাসন দেখে না। ভ্যাট নির্ণয়টা সঠিক আছে কিনা, সেটা তাদের এখতিয়ার। এসেনসিয়াল ড্রাগের ১৩০টির মতো ওষুধ আমরা নিয়ন্ত্রণ করে থাকি। বাকি শত শত ওষুধের দাম আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা শুধু ভ্যাট ও উৎপাদন খরচ দেখে থাকি।’

তিনি বলেন, ‘আসলে দামের এত তারতম্য হওয়া উচিত না। অনেকেই কাঁচামাল ইউরোপ থেকে আনেন, যার দাম বেশি। কেউ ভারত ও চায়না থেকে আনে, তাদের আবার দাম একটু কম থাকে। এটারও একটা তারতম্য হয়। তারপরও দামের এত তারতম্য হওয়া উচিত না। আমরা বিষয়টি দেখবো। এই বিষয়ে যা যা করার দরকার, আমরা করবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক