০৯ জুন, ২০২৬ ০৫:৩০ পিএম

জামায়াতের ‘ছায়া বাজেট’: স্বাস্থ্যখাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জামায়াতের ‘ছায়া বাজেট’: স্বাস্থ্যখাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ছায়া বাজেটে স্বাস্থ্যখাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বরাদ্দ মোট বাজেটের পাঁচ দশমিক ৩৯ শতাংশ।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ছায়া বাজেট উপস্থাপন করা হয়। বাজেট প্রণয়ন ও উপস্থাপনায় নেতৃত্ব দেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন।

এ সময় জানানো হয়, দেশের জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই স্বাস্থ্যখাতে এ বরাদ্দ বৃদ্ধির মূল লক্ষ্য। বিশেষ করে প্রবীণ নাগরিক ও শিশুদের জন্য সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের মানবসম্পদকে বিশ্বমানের করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

প্রস্তাবিত ছায়া বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্যখাতকে অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাজেটের মৌলিক গুরুত্বারোপ করা হয়েছে মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নকে। খাতভিত্তিক বরাদ্দে শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১,২৫,৫৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ১৪.৯৬ শতাংশ। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৫,২৪০ কোটি টাকা (৫.৩৯%), পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা (৭.৭৮%), সামাজিক নিরাপত্তা খাতে ৪৮,১৫০ কোটি টাকা (৫.৭৪%), জনপ্রশাসন ও সরকারি খাতে ২,০২,২৪৫ কোটি টাকা (২৪.০৯%), প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা (৫.১৮%), কৃষি খাতে ৫১,৬৭০ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৪,৯৫০ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫,২২০ কোটি টাকা (৫.৩৯%), শৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা (৪.১০%), গৃহায়ন খাতে ৫,০৭৮ কোটি টাকা, শিল্প ও বাণিজ্য খাতে ৫,২৪৬ কোটি টাকা এবং বিনোদন, সংস্কৃতি ও ধর্মের জন্য ৬,৬৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সুদ পরিশোধের জন্য ১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ১৫.১৯ শতাংশ।

এ সময় দলের নেতারা বলেন, স্বাস্থ্যসেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে চিকিৎসা খাতের সক্ষমতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

জামায়াতে ইসলামীর নেতারা বলেন, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক