সিওমেক শিক্ষার্থীদের ওপর হামলা: আরও ২ আসামি কারাগারে
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমার ইমন ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র নাথের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ শুক্রবার (১২ আগস্ট) সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম আদালতে তারা আত্মসমর্পণ করলে, বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন- সাজন ও মামুন।
প্রসঙ্গত, এর আগে গত ১ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমার ইমন ও মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথকে কুপিয়ে জখম করেন বহিরাগত সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুটি মামলা হয়েছে। কলেজ প্রশাসন ও হাসপাতাল প্রশাসনের দায়ের করা দুই মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।