মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক আহত, স্ত্রীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: হজ্ব পালন করতে গিয়ে মদিনায় সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তাঁর স্ত্রী ফারজিন মারা গেছেন। ডা. মোজাম্মেলের পাজরের কয়েকটি হাঁড় ভেঙে গেছে।
দুর্ঘটনার পর পরই তাঁকে মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ওয়াদি আল ফারাহ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে মদিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।
সৌদি আরবে অবস্থানরত ধর্ম প্রতিমন্ত্রীর পিএস শাহীন দিদারের বরাত দিয়ে ডা. মোজাম্মেলের বন্ধু ডা. মোহাম্মদ সরোয়ার হোসাইন আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে জানিয়েছেন, ডা. মোজাম্মেল বর্তমানে আশঙ্কামুক্ত। তাঁর স্ত্রী ফারজিনের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। তাঁকে মদিনায় দাফন করা হবে।
ডা. মোজাম্মেল হক ইতিমধ্যে প্রায় ১২ হাজার অস্ত্রোপচারের মাইলফলক স্পর্শ করেছেন, যার মধ্যে লেপারোস্কোপিক সার্জারির সংখ্যা হাজারের অধিক।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. মোজাম্মেল ছিলেন সলিমুল্লাহর ২২তম ব্যাচের শিক্ষার্থী।