একদিনে ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯ জন এবং ঢাকার বাইরে তিনজন চিকিৎসা নিচ্ছেন।
আজ রোববার (২৬ জুন) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৯ এবং ঢাকার বাইরে ৯ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৫২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩৩ জন।
সাধারণত বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
১৫ জুলাই, ২০২১