বিএসএমএমইউতে বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চার বছর মেয়াদি ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং কোর্সে (বিএসসি নার্সিং) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (১১ জুন) দুপুর ২টায় এ ফলাফল প্রকাশিত হয়।
এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলসহ ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১ হাজার ৬২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১০৩ জন।
২৫টি আসনের জন্য মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ৭৬ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। আগামী ১৪ জুন নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে সকালে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।