শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে বিএসএমএমইউ প্রতিনিধি দল
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
আজ শনিবার (৪ জুন) সকাল ৯টায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পৌঁছালে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরিদর্শক দল প্রথমে এখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করেন। এ সময় তারা দুটি প্রেজেন্টেশনও দেখেন।
পরিদর্শক দল প্রধান বিএসএমএমইউ ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু এবং শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। জননেত্রীর এ দুটি প্রকল্প বাস্তবায়নের ফলে তিনি অনন্য উচ্চতায় আসীন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মানবিক প্রকল্পের মধ্যে এই বার্ন ইনস্টিটিউট অন্যতম।
তিনি আরও বলেন, আমরা আজ এখানে এটি পরিদর্শন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। বিএসএমএমইউর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাথে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষকে সেবা দিয়ে যাবে। যে কোন প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশে থাকবে।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামান্ত লাল সেন ও শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. রায়হান আওয়ার।
আলোচনা সভাশেষে পরিদর্শক দল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থতলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নারও পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের প্রতিনিধি দলে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অনকোলজি সার্জারির সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল উপস্থিত ছিলেন।