স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
মেডিভয়েস রিপোর্ট: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সকালে ঢাকা ছাড়েন সেতুমন্ত্রী। চিকিৎসা শেষে শিগগিরই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত চেকআপের জন্য ভারতের দিল্লির মেজেন্টা হাসপাতালে যান ওবায়দুল কাদের। সেখানে তার শারীরিক চেকআপ করা হয়।
ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালের মার্চে গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে দুই মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।