০৪ এপ্রিল, ২০২২ ০৩:০৫ পিএম

মেডিকেল ভর্তির ফল কাল দুপুরে: স্বাস্থ্য অধিদপ্তর 

মেডিকেল ভর্তির ফল কাল দুপুরে: স্বাস্থ্য অধিদপ্তর 
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, ‘আগামীকাল দুপুর ১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে ফলাফল প্রকাশিত হবে।’

মেডিভয়েস রিপোর্ট: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে প্রকাশিত হবে। ফলাফল প্রায় চূড়ান্ত, তবে কোনো রকম অসঙ্গতি এড়াতে আগামীকাল দুপুর একটায় ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফলাফল প্রায় চূড়ান্ত। তবে আজকে প্রকাশিত হবে না। মাননীয় মন্ত্রী আমাদেরকে আগামীকাল সময় দিয়েছেন। তাঁর উপস্থিতিতে কাল দুপুর একটায় ফলাফল প্রকাশিত হবে।’

ফল প্রকাশে এবার বিলম্ব হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘একে তো রোজার সময়। ফলে দীর্ঘ সময় ধরে কাজ করা যাচ্ছে না। দ্বিতীয়ত এবার পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। এর পর আবার এ বছর খাতা ডাবল চেক করানো হচ্ছে। বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ক্রস চেক করানো হয়েছে। ফলে সময় বেশি লাগছে।’

এদিকে আজ (সোমবার) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর একটায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। 

এতে আরও বলা হয়েছে, ‘মঙ্গলবার দুপুর একটায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে এ ফলাফল প্রকাশ করবেন।’

এর আগে গত এক এপ্রিল সকালে সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত