হেফাজতে থাকায় নাপা সিরাপটি পরীক্ষা করা যায়নি: ঔষধ প্রশাসন অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মারা যাওয়া দুই শিশু যে সিরাপটি খেয়েছিল তা পুলিশ হেফাজতে থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
আজ সোমবার (১৪মার্চ) মহাখালীতে অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, দুই শিশু মারা যাওয়ার পর ব্যবহৃত ওষুধটি পুলিশের সিআইডিতে চলে গেছে। তাদের ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন এলে জানা যাবে শিশুদের মৃত্যুর পেছনে ওই সিরাপের কোনো ভূমিকা ছিল কি না।
তবে প্যারাসিটামল জাতীয় ওষুধ নাপা সিরাপের তিনটি কারখানার নমুনা পরীক্ষায় নাপার মান সন্তোষজনক পাওয়া গেছে বলে জানান তিনি।
প্রসঙ্গগত, গত বৃহস্পতিবার (১০মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনার পর শুক্রবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সকল ফার্মেসিতে সাময়িক সময়ের জন্য নাপা সিরাপ বিক্রি বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় পরদিন শুক্রবার (১১মার্চ )রাতে স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে ৩ সদস্য বিশিষ্ট পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়।