জনস্বাস্থ্যের ধারণা এখনো পরিষ্কার নয়: সাবেক বিএমএ সভাপতি
মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসকদের কাছে এখনও পাবলিক হেলথের ধারণা পরিষ্কার নয় বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. রশিদ-ই মাহবুব।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) নবম বিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডা. রশিদ-ই মাহবুব বলেন, ‘আমরা ডাক্তারি পড়েছি, চিকিৎসক হয়ে সেবা করছি। কিন্তু পাবলিক হেলথ বুঝি না। এখন আমার কাছে মনে হচ্ছে, পাবলিক হেলথ-ই মূল হয়ে গেছে। আমরা যারা শারীরিক চিকিৎসা দেই, সেটা কিন্তু ভিন্ন জিনিস, অসুস্থতার চিকিৎসা। আর হেলথের ব্যাপারে বলা হয়, সেটা হলো পাবলিক হেলথ।’
তিনি বলেন, ‘বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য পাবলিক হেলথ, এখনও পাবলিকের জন্য দাঁড়ায়নি। আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাও পাবলিকের জন্য যুগোপযোগী নয়। আমাদের একাডেমিক যে, চিকিৎসাবিদ্যা শিখি, সেটা শারীরিক বিদ্যা ও হাসপাতাল কেন্দ্রীক মেডিসিন শিখি, এরপর দক্ষ হওয়ার জন্য বিভিন্ন রকমের ডিগ্রি-ডিপ্লোমা নিয়ে ব্যবসা পরিচালনা করি। আমার মনে হয়, আপনারা যারা এখানে এসেছেন পাবলিক হেলথটাকে সত্যিকার অর্থে পাবলিকের কাছে নিয়ে যেতে পারবেন? এর জন্য ব্যাপক প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় সরকারের সমর্থন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা মূল ধারার চিকিৎসক, তারা কিন্তু ওতপ্রোতভাবে পাবলিক হেলথের সাথে জড়িত নই। কারণ পাবলিক হেলথে পয়সা নেই, তাদের চেহারা চাকচিক্য নয়। সুতরাং তাদের জায়গাও কম।’
বিএমএর সাবেক সভাপতি বলেন, ‘এখন যদি পাবলিক হেলথের ব্যাপ্তি ঘটানো না যায়, তাহলে জনগণের আর্থিক প্রচুর ক্ষতি হবে। পাবলিক হেলথ হলো হেলথের মূল জায়গা। এখন থেকে পাবলিক হেলথের প্রসার ঘটানো দরকার।’