‘১২ বছর হলে নিবন্ধন ছাড়াই টিকা’
মেডিভয়েস রিপোর্ট: যারা ১২ বছর পার করেছে অথচ টিকা নেয়নি তারা কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নবনিযুক্ত ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ইউনিট এবং অক্সিজেন প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ১২ বছরের উপরে সকল নাগরিককে কোনো কাগজপত্র ছাড়াই টিকা দেওয়া হবে। তাদের নিবন্ধনের প্রয়োজন হবে না।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা করোনার অতি সংকট পেরিয়ে স্বাস্থ্য বিভাগকে এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন,‘ইমার্জেন্সি সার্ভিসককে আরোও শক্তিশালী করতে জবে। আমাদের উদ্দেশ্য হলো একসাথে ব্যাপক কাজ করা। দেশে জরুরি সার্ভিসকে শক্তিশালী করা সরকারের লক্ষ্য। দেশে ডায়ালাইসিসের চাহিদা বাড়ছে। এ অবস্থায় ৩০টি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে। আমাদের উদ্দেশ্য এক জায়গায় একাধিক কাজ করা। কুর্মিটোলা ৩২টি বেড, মিটফোর্ডে ২০টি, মুগদায় ৩২টি মেশিন চালু হয়েছে। ডায়ালাইসিস মেশিন যেনো একটিও বন্ধ না হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) লোকমান হোসেন মিয়া বলেন, স্বাস্থ্য বিভাগের সকলের সহযোগিতায় ঈর্শান্বিত অবস্থায় পৌঁছেছে বাংলাদেশ। বর্তমানে স্বাস্থ্য বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদইচ্ছায় অপ্রতিরোধ্য অবস্থায় এগিয়ে যাচ্ছে।