পেছাচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এর মধ্যে বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়তে পারে।