ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দায়ে চিকিৎসক বরখাস্ত
মেডিভয়েস রিপোর্ট: ভুল চিকিৎসা ও অবহেলায় রোগীর মৃত্যুর দায়ে ডা. মো. মনজুরুল হককে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মো. মনজুরুল হক (৪২৩১২), তাঁর প্রাক্তন কর্মস্থল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য উপজেলায় গিয়ে একটি বেসরকারি ক্লিনিকে একজন প্রসূতি রোগীর অপারেশন করেন; অপারেশনের আগে রোগীর সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করেননি; প্রি-অ্যানেসথেটিক চেক-আপ করেননি; নিজেই স্পাইনাল অ্যানেসথেশিয়া দিয়ে অপারেশন শুরু করেন এবং তার গাফিলতির কারণে রোগী মারা যায়, বলে অভিযোগ ওঠে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু স্থানীয় স্বাস্থ্য বিভাগের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের ১৪.১০.২০১৯ খ্রি তারিখের ৫৪৯ নং স্মারকমূলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) মোতাবেক অসদাচরণের দায়ে বিভাগীয় মামলা রুজু করা হয়।’
‘বিভাগীয় মামলায় কারণ দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তার দাখিলকৃত জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি এবং তিনি ব্যক্তিগত শুনানি চাননি। এ অভিযোগ তদন্ত করার জন্য উপযুক্ত বিধিমালার বিধি ৭(৩) অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিন তদন্তের পর তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে’, যোগ করা হয় এতে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় মামলায় আনিত অভিযোগ, তদন্ত প্রতিবেদন, অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে তাঁকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না মর্মে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। যেহেতু অভিযুক্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশন উক্ত সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে; এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাবে রাষ্ট্রপতি সদয় অনুমোদন করেছেন।
সেহেতু ডা. মো. মনজুরুল হককে এ আদেশ জারির তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
-
১৭ এপ্রিল, ২০২৫
পানিতে ডুবে পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু
অন কলে থাকা চিকিৎসককে অবহেলার অভিযোগে ওএসডি
-
১১ ডিসেম্বর, ২০২১