দুই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: নতুন দুই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুই প্রতিষ্ঠান হলো: বেসরকারি নাঙ্গলকোট হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেসরকারি হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘গত ৮ নভেম্বর ২০২১ তারিখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি নবায়ন ও কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ‘দি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩ ও বোর্ড রেগুলেশন-১৯৮৫ এর বিধি-বিধান অনুসরণ করার শর্তে কুমিল্লার বেসরকারি নাঙ্গলকোট হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকার বেসরকারি হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাথমিক অনুমোদন প্রদান করা হলো।’
বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালকের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।