নারী চিকিৎসককে পিটিয়ে বাসায় ডাকাতি: গ্রেপ্তার ২
মেডিভয়েস রিপোর্ট: পিরোজপুর জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সানজিদা আজাদ শিখার ফ্ল্যাটে ডাকাতি ও পিটিয়ে আহত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার পশ্চিম টুটপাড়া গ্রামের আব্দুর রহমান পেয়াদার ছেলে আবু হানিফ ও বরগুনা জেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে আব্দুল করিম মোল্লা। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুটি হ্যাক্সো ব্লেড, তিন হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৪৬ সিম, ২৫টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
তিনি বলেন, ‘আমরা অভিযুক্ত আবু হানিফকে ১৬ আগস্ট আটকের পর তার দেওয়া তথ্যমতে পরদিন আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে ডাকাতি, খুনের ঘটনায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
এর আগে গত ১১ আগস্ট পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঢুকে ডা. সানজিদা আজাদ শিখাকে পিটিয়ে আহত ও ডাকাতি করা হয়। ওইদিন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মারুফ মুনসুর।
তিনি বলেন, ‘চিকিৎসকদের সরকারি কোয়ার্টারের একটি ভবনের নিচের তলায় থাকতেন ডা. সানজিদা আজাদ। ১১ আগস্ট (বুধবার) ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য তাঁর বাসার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাঁর টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ নিয়ে যায় ও হাতুরি দিয়ে তাকে বেধরক মারধর ও মাথায় আঘাত করে। ডা. সানজিদা আজাদ বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।’
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ডাকাতরা আলমারি খুলে নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।
-
২৬ অগাস্ট, ২০২৪
-
১১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
১৪ মার্চ, ২০২২
-
১৯ অগাস্ট, ২০২১
-
১১ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
২৭ জুলাই, ২০২১