ফার্মেসিতে করোনা টিকা পাওয়ার ঘটনায় একজন আটক
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার করোনা টিকা জব্দের ঘটনায় ফার্মেসি মালিকসহ ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় ফার্মেসি মালিককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দক্ষিণখান থানায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ১৮ আগস্ট রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পায় পুলিশ। এ ছাড়া ওই ফার্মেসি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ সময় ফার্মেসি থেকে মডার্না টিকার দুই অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।
ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়েছে জানিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ফার্মেসিটি থেকে মডার্না ভ্যাকসিনের দুটি ভাওয়েল উদ্ধার করা হয়েছে, যা দিয়ে ১৪ থেকে ১৮ জনকে টিকা দেওয়া যেত। এছাড়াও ভ্যাকসিনের বেশকিছু খালি বোতল জব্দ করা হয়েছে। পরে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে আটক করা হয়েছে।
ফার্মেসিতে ৫০০ টাকার বিনিময়ে প্রতি ডোজ করোনার টিকা দেওয়া হতো। তবে এ পর্যন্ত কতজনকে সেখানে টিকা দেওয়া হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা।