২৪ জুলাই, ২০২১ ১১:৪৫ এএম

করোনায় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যু

করোনায় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যু
গণসংগীতশিল্পী ফকির আলমগীর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই ফকির আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ আসলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ জুলাই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটের ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। অবশেষে রাত ১০টা ৫৬ মিনিটে ওই হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. আমিনা সুলতানা শিল্পী ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন।

স্বাধীনতার পর পপ ঘরানার গানে যুক্ত হন ফকির আলমগীর। পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় ‘একুশে পদক’, ‘শেরেবাংলা পদক’, ‘ভাসানী পদক’, ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার’, ‘তর্কবাগীশ স্বর্ণপদক’, ‘জসীমউদ্‌দীন স্বর্ণপদক’, ‘কান্তকবি পদক’, ‘গণনাট্য পুরস্কার’, ‘পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা’, ‘ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার’, ‘ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র’, ‘জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা’, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা’ ও ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ’ পুরস্কারে তাকে ভূষিত করা হয়।

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রায় সকল ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন ফকির আলমগীর। তিনি 'ক্রান্তি শিল্পীগোষ্ঠী' ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন সংগ্রাম, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও  সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে গানের মাধ্যমে লড়াই চালিয়েছিলেন। কিংবদন্তিতুল্য এই গুণী শিল্পীর মৃত্যু দেশের সংগীতের জন্য এক অপূরনীয় ক্ষতি। সংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।’

ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক