০১ জুলাই, ২০২১ ০৮:৩৩ পিএম

খুমেক পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু, বন্ধ ঘোষণা

খুমেক পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু, বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু। এ ঘটনায় তিন দিন ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খুমেক পিসিআর ল্যাব পরিষ্কারের ব্যবস্থা চলছে, পুনরায় চালু করতে তিনদিন লাগবে।’

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি এবং খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘ল্যাবটি বন্ধ থাকলেও আগে থেকেই মজুত থাকা প্রায় দুই হাজার নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার থেকে যেসব নমুনা সংগ্রহ করা হবে সেগুলোও এ ল্যাবে তিনদিনে পরীক্ষার সুযোগ থাকছে না। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অবস্থান করা রোগীদের মধ্যে যাদের পরীক্ষার প্রয়োজন হবে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হবে।’

তিনি বলেন, ‘খুবিতে একদিনে মাত্র ৯৪টি নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। খুলনা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে কিট, রি-এজেন্ট নিয়ে এখানকার জনবল গিয়েই খুবির ল্যাব থেকে শুধু পরীক্ষাগুলো করিয়ে আনবে। তা না হলে রোগীর ছাড়পত্র দেয়া যাবে না। আর করোনা হাসপাতাল থেকে রোগী ছাড়া না গেলে নতুন করে ভর্তিও করা যাবে না।’

ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘পিসিআর ল্যাবে পরীক্ষা স্বাভাবিক রাখতে হলে প্রতি মাসে অন্তত একবার করে দূষণমুক্ত করা উচিত। কিন্তু খুমেকের পিসিআর ল্যাবটি গত বছর ৭ এপ্রিল থেকে চালুর পর কখনোই এমনটি করা হয়নি। কেননা একবার দূষণমুক্ত করতে হলে অন্তত দুদিন ল্যাব বন্ধ রাখতে হয়। এমনিতেই এ ল্যাবে প্রচুর চাপ ছিল। যে কারণে মাসে দুদিন বন্ধ রাখা অসম্ভব ছিল। কিন্তু গতকাল প্রায় সাড়ে ৫০০-এর মতো নমুনা পরীক্ষার সময় দেখা যায় সবগুলোই পজিটিভ। এরপর পরীক্ষা-নিরীক্ষার করে ল্যাবটি দূষিত হয়েছে বলে প্রমাণিত হয়েছে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিসিআর ল্যাব
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক