সাতক্ষীরায় ১৭ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা জেলায় চলমান এক সপ্তাহের বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এস মোস্তফা কামাল।
তিনি বলেন, প্রথম ধাপে সাতক্ষীরায় সাত দিন লকডাউন ঘোষণা করা হয়। তবে এ সময়ে করোনার ঊর্ধ্বগতি না কমায় চলমান লকডাউন আরও সাত দিন বর্ধিত করা হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।
লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধ ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎসহ এ জাতীয় জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। এ সময় মোটরসাইকেল, দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মাত্র চার ঘণ্টার ব্যবধানে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে। করোনায় শনাক্ত রোগীদের মধ্যে মারা গেছে অর্ধশতাধিক মানুষ।
-
০১ জুলাই, ২০২১
-
৩০ জুন, ২০২১
-
৩০ জুন, ২০২১
-
১৯ জুন, ২০২১
-
১৯ জুন, ২০২১
-
১৫ জুন, ২০২১
-
১০ জুন, ২০২১
-
০৯ জুন, ২০২১