‘সরকারকে দিলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না’
মেডিভয়েস রিপোর্ট: সরকারকে ফাঁকি দিলেও করোনাভাইরাসকে ফাঁকি দেওয়া যায় না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগনের সামান্য উদাসীনতায় এ ভাইরাসে অকাল মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। করোনা এখন তরুনদেরও ছাড়ছে না। করোনার করাল গ্রাস থেকে ধনী-দরিদ্র কেউ রেহাই পাচ্ছে না। এখন আর কোনো রাজনীতি নাই, এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতার দুর্গ গড়ে তোলা, করোনাকে প্রতিরোধ করা।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে করোনা এসেছে পৃথিবীজুড়ে। কোভিডে আজ কাঁপছে সারা পৃথিবী। কাঁপছে আমেরিকা, কাঁপছে ল্যাটিন আমেরিকা, কাঁপছে আফ্রিকা, কাঁপছে এশিয়া। ভারত কাঁপছে। কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।’
তিনি বলেন, ‘জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই, জরুরি শয্যার জন্য দুনিয়াজুড়ে হাহাকার। সম্মুখসারির যোদ্ধারা সামাল দিতে হিমশিম। দেশে দেশে সংক্রমণ কেবল বাড়ছেই। বাড়ছে মৃত্যুর হার। কত আপন মানুষ এরই মধ্যে করোনার করাল গ্রাসে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলোছায়ার সুন্দর পৃথিবী থেকে। সন্তান হারানোর কান্না, স্বামী হারানো নবধূর ফরিয়াদে, বোন হারা ভাইয়ের আর্তনাদে সারা পৃথিবীর আকাশ ভারী। নতুন নতুন ধরনে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা।’