ভ্যাকসিনের বয়সসীমা আরও কমানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি আরও বেগমান করতে ভ্যাকসিন প্রদানের বয়সসীমা আরও কমানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয় তাহেল ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।’
জুলাইয়ের মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়া অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমরা নিজেরা কিনব, কোভ্যাক্সও এক কোটি ৯ লাখ ডোজ দিবে। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা আমরা সিরাম থেকে আনছি, এই ভ্যাকসিনের পাশাপাশি অন্য ভ্যাকসিন যেটা অনুমোদন পেয়েছে বা আগামীতে পাবে সেটা আমরা কীভাবে আনব। যদি প্রাইভেট সেক্টর ওই ভ্যাকসিনগুলো আনতে চায় সেই কাজটি আমরা কীভাবে করব। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।’
এ সময় বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন, তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী বিদেশিরা টিকা পাবেন। একইসঙ্গে পাঁচ তারকাসহ সকল হোটেল এবং কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে কাজ করা হোটেলে যারা কর্মরত আছেন তাঁদেরও ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাহিদ মালেক।
ভ্যাকসিনেশন কার্যক্রমে সফলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টিকাদান কর্মসূচিতে দেশবাসী সন্তুষ্ট। সংবাদিকরা সন্তুষ্ট, প্রধানমন্ত্রীও সন্তুষ্ট। বিদেশ থেকেও আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সফলতার বিষয়ে অনেক সুনামের কথা পেয়েছি। আমরা এই সুনাম ধরে রাখতে চাই।’
এদিকে এ পর্যন্ত ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন ৪৫ লাখ ৭৭ হাজার ৮০৩ জন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান প্রমুখ।