খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই
মেডিভয়েস রিপোর্ট: করোনার পরবর্তী জটিলতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মৃত্যুবরন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইব্রাহিম খালেদ মুমূর্ষু অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। এরপর তাঁর অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল। তবে শুক্রবার স্ট্রোক করার পর তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যায়।’
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন ইব্রাহিম খালেদ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গত রবিবার বিএসএমএমইউ’র নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে ১৯৬৩ সালে ব্যাংকিং পেশায় যুক্ত হন।
-
৩১ জানুয়ারী, ২০২১