অনুমতি ছাড়া সংবাদ প্রকাশ
কলেজ অব নার্সিংসের অধ্যক্ষের কৈফিয়ত তলব
মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনুমতি ছাড়া গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় মহাখালী কলেজ অব নার্সিংসের অধ্যক্ষ অধ্যাপক মো. মফিজ উল্লাহর কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব মো. সাজ্জাদ হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আপনি মো. মফিজ উল্লাহ সম্প্রতি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিডি নার্সিং২৪ নিউজ পোর্টালে ‘কারিগরি বোর্ড ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে কোন আপোষ নয়’ শিরোনামে খবর প্রকাশ করেছেন। উক্ত খবরে আপনি ভিত্তিহীন তথ্য এবং আপত্তিকর মন্তব্য প্রকাশ করেছেন। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভাবমূতি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের শামিল।’
এতে আরও বলা হয়েছে, ‘আপনার এ ধরনের অসদাচরণের কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।