আন্তঃমেডিকেল কলেজ জাতীয় বিতর্কে বিজয়ী শের-ই-বাংলা মেডিকেল
মেডিভয়েস রিপোর্ট: ‘আমার হেলথ ডটকম’র উদ্যোগে আন্তঃমেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)। ‘করোনায় স্বাস্থ্য সেবা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বিতর্কে রানার্স আপ হয়েছে খুলনা সিটি মেডিকেল কলেজ।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত নয়টায় অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ী দলে শেবাচিমের এমবিবিএস দ্বিতীয় বর্ষের নাইমা জামান সুপ্তি প্রথম বক্তা, জোনায়ের বিন জাকির সিদ্দিকী দ্বিতীয় বক্তা ও প্রথম বর্ষের সাজিদ রেজোয়ান তৃতীয় বক্তা হিসেবে অংশ নেন।
রানার্সআপ হওয়া খুলনা সিটি মেডিকেল কলেজের বিতর্ক দলে ছিলেন মেডিকেলের প্রথম বর্ষের নাজিয়া তাবাচ্ছুম আশা, ফাতেমা তুজ জাহান ও নদী রায়।
মোহিনী পৃথুলার উপস্থাপনায় অনলাইন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ স্বাস্থ্যকথা সাহিত্যিক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ, অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), এটিএন নিউজের বার্তা প্রধান প্রমুখ।
গত ১২ জানুয়ারি ‘আমার হেলথ ডটকম’ সংগঠনের উদ্যোগে আন্তঃমেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ‘করোনায় স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্য নিয়ে এ অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের ১০৭টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।