১১ ডিসেম্বর, ২০২০ ০৪:২০ পিএম

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৪

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৪

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯৮৬ জনে। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, এ সময়ে প্রাণ হারানো ১৯ জনের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ছয়জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৮৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী সুস্থ হয়েছেন তিন হাজার ৮৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ চার লাখ ১৪ হাজার ৩১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩২৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৪৪ হাজার ২৫২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৬ হাজার ৯৮৬ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৩৯ (৭৬ দশমিক ৪২ শতাংশ) এবং নারী এক হাজার ৬৪৭জন (২৩ দশমিক ৫৮ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন এবং রংপুরে একজন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত