ডা. মামুনের মুক্তি দাবি
মঙ্গলবার বেসরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতির পরিকল্পনা
মেডিভয়েস রিপোর্ট: অবিলম্বে ডা. আব্দুল্লাহ আল মামুনের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার দেশের সকল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মবিরতির সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র সাধারণ সম্পাদক ডা. তারেকুল আলম। তিনি বলেন, আগামীকাল কিংবা পরশু দিন সকল সোসাইটির সঙ্গে জরুরি মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংহতি সমাবেশে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র আয়োজনে ওই সমাবেশে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কর্মবিরতি চলছে। পরবর্তী করণীয় বিষয়ে বিভিন্ন সোসাইটির কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল অথবা পরশুদিন সকল সোসাইটির সঙ্গে আমাদের জরুরি মিটিং হবে। এ ব্যাপারে তারাও একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করছেন যে, আগামী মঙ্গলবার সারাদেশে বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা বন্ধ রাখা হবে। আগামী মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
এছাড়া আগামীকাল স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ’র সঙ্গে অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র বসার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।