করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ওবায়দুল কাদেরের সতর্কবার্তা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের আক্রমণ (সেকেন্ড ওয়েভ) দেশে যে কোনো সময় প্রাণঘাতী আকারে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে সবাইকে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধও জানান তিনি।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা বলা যাচ্ছে না। রবিবার গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে করোনাভাইরাসের রূপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ।
তিনি বলেন, অনেক দেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি, যেকোনও সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশে প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমণের ধাক্কা প্রতিবেশী আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন সরকার নাকি অর্থনীতি ধ্বংস করছে? বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সক্ষমতা এবং চলকসমূহের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপির নেতারা মিথ্যাচার করছেন? করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মধ্যেও অতি সম্প্রতি রেমিটেন্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। মাথাপিছু আয় এখন দুই হাজার ৬৪ ডলার। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে। শতকরা ৮ শতাংশের ওপরে প্রবৃদ্ধি বিএনপি কখনও নিজেদের আমলে ভাবতে পেরেছিল? পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে?