অনুকূল পরিবেশ না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনুকূল পরিবেশ না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এইচএসসি-সমমানের পরীক্ষা আয়োজন করা হবে না।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার পাশাপাশি করোনা পরিস্থিতি বিশ্লেষণ করছিল শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান মন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা জেনে প্রস্তুতি নিতে পারে।
দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় উল্লেখ করে ডা. দীপু মনি আরও বলেন, ‘প্রায় ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছে। ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে আরও কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।’
করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়। গত ২৮ জুলাই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, আগস্ট মাসের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলেও অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে খোলা দেয় সরকার। ট্রেন এবং গণপরিবহনও ফিরছে আগের চিরচেনা চেহারায়।
এ প্রেক্ষাপটে ধারনা করা হচ্ছিল, আগামী ১ সেপ্টেম্বর থেকে খোলা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এই বক্তব্যে সে সম্ভাবনা নাকচ হয়ে গেলো।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর ফলে গত ১৭ মার্চ থেকে বন্ধ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪