১৭ অগাস্ট, ২০২০ ০৭:৪৯ পিএম

করোনায় দুই চিকিৎসকের মৃত্যুতে বিএমএর শোক

করোনায় দুই চিকিৎসকের মৃত্যুতে বিএমএর শোক
ডা. আফতাব উদ্দিন আহমেদ ও ডা. মোহা. আব্দুর রহমান। (বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার ডা. আফতাব উদ্দিন আহমেদ ও ডা. মোহা. আব্দুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)। প্রবীণ দুই চিকিৎসকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। 

শোক বার্তায় বলা হয়েছে, বিএমএ সদস্য, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী (ব্যাচ-১৪) অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আফতাব উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএমএ গভীর শোক প্রকাশ করছে। 

এতে আরও বলা হয়েছে, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি রোববার ১৬ আগস্ট আনুমানিক বিকাল দেড়টায় করোনা ভাইরাস সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। 

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এছাড়া বিএমএ আজীবন সদস্য, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী (ব্যাচ-১৪), স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা. মোহা. আব্দুর রহমানের (৬৭) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। 

শোকবার্তায় জানানো হয়, রোববার ১৬ আগস্ট আনুমানিক বিকাল তিনটায় করোনা ভাইরাস সংক্রমণজনিত জটিলতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। 

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এছাড়া ডা. আফতাব উদ্দিন আহমেদ ও ডা. মোহা. আব্দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত