করোনায় মৃত্যুবরণ করা অধিকাংশই ষাটোর্ধ্ব
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নানা বয়সের মানুষ আক্রান্ত হলেও মৃত্যু হারে এগিয়ে ষাটোর্ধ্ব রোগীরা। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জন মারা গেছেন। এদের মধ্যে ষাটোর্ধ্ব এক হাজার ৯৭ জন, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৯৫ ভাগ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ষাটোর্ধ্ব রোগীদের মৃত্যুর প্রবণতা বেশি। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। যার শতকরা ৪৩ দশমিক ৯৫ ভাগের বয়স ষাট বা তার বেশি। এ অবস্থায় করোনাকালীন সময়ে প্রবীণদের প্রতি বিশেষ নজর রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।
এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক বিভাজনে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৭ জন, যা শতকরা দশমিক ৬৭ ভাগ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৯ জন, যা এক দশমিক ১৬ ভাগ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭৬ জন, যা তিন দশমিক শূন্য চার ভাগ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭৬ জন, যা সাত দশমিক শূন্য পাঁচ ভাগ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৫৯ জন, যা ১৪ দশমিক ৩৮ ভাগ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭৪২ জন, যা ২৯ দশমিক ৭৩ ভাগ।
এ সময় গত ২৪ ঘন্টার তথ্য বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৮৯টি নমুনা। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৩৩ জনের দেহে। মারা গেছেন আরও ৩৯ জন। তবে এক হাজার ৯৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। মারা গেছেন ২,৪৯৬ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪