করোনাভাইরাস
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ উদ্ভাবন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানকারী সম্মুখযোদ্ধা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ উদ্ভাবন করেছে একদল গবেষক।
আজ শনিবার (১১ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বিএসএমএমইউর অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএসএমএমইউর নেতৃত্বে কোভিড-১৯ রোগীদের জন্য ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ উদ্ভাবন, উন্নয়ন ও আইসিইউতে ব্যবহার বিষয়ক ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি গবেষণা দল সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ তৈরি করেছেন, যা কেবলমাত্র একটি বিছানার উপরে একজন রোগীকে আলাদা করে রাখবে। এর চারদিকের পর্দা স্বচ্ছ ও উঁচু হওয়ায় রোগী অস্বস্তিবোধ করবেন না।
এতে আরও বলা হয়, এই গবেষক দলের ডিজাইনে হেপা ফিল্টারের সঙ্গে বাড়তি আছে আল্ট্রাভায়োলেট আলোর প্রযুক্তি, যার মাধ্যমে প্রথমেই সব জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফেলা হয়। এই ক্যানোপি কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারী সম্মুখযোদ্ধা কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতে দেশেই এ ধরনের একটি প্রযুক্তির উদ্ভাবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠা চেয়ারপার্সন ও বর্তমানে অনারারি অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষক দলকে ধন্যবাদ জানান এবং অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনে সংবাদ সম্মেলনে যোগ দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল কাদির প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪