০৮ জুলাই, ২০২০ ০২:৪১ পিএম

ফাইনাল প্রফের দাবিতে ডিন অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাইনাল প্রফের দাবিতে ডিন অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মেডিভয়েস রিপোর্ট: গত মে মাসে স্থগিত হয়ে যাওয়া ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডিন অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছে মেডিকেল শিক্ষার্থীরা। এ সময় দ্রুত পরীক্ষা নিয়ে সেপ্টেম্বরে ইন্টার্ন হিসেবে যোগদানের আশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডিন কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভের সময় এসব দাবি জানিয়েছেন তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষা গত মে মাসে হওয়ার কথা ছিল। কিন্তু সে পরীক্ষাটি পিছিয়ে গেছে। সে পরীক্ষাটি আমরা দ্রুত সময়ে নেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের এই পরীক্ষার ব্যাপারে সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ। আমরা বিএমডিসি ও ডিনের থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাই। আমরা বিএমডিসিতে মানববন্ধন করেছিলাম, সেখান থেকে বলা হয়েছে এটি ডিন স্যারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাই আজ আমরা ডিন অফিসে এসেছি।’

এ বিষয়ে ডিনের সাথে কথা হয়েছে জানিয়ে তারা বলেন,  ‘ডিন অফিস থেকে বলা হয়েছে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যারা পরীক্ষা দেবেন এবং নেবেন প্রত্যকেই করোনা ঝুঁকিতে থাকবেন। তাই করোনাভাইরাস সংক্রমণের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ’

এ বিষয়ে ডিন ডা. শাহরিয়ার নবী বলেন, দেশে করোনা সংক্রমণ মারাত্মক পর্যায়ে রয়েছে এ অবস্থায় পরীক্ষা নিলে সকলের স্বাস্থ্য ঝঁকি রয়েছে। এছাড়া দেশে অনেক বিদেশি মেডিকেল শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা দেওয়ার কথা কিন্তু তারা এই মুহূর্তে তাদের নিজ নিজ দেশে অবস্থান করছে। ফলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব না।

তিনি আরও বলেন, নভেম্বরে নিয়মিত পরীক্ষার সাথে মে মাসের সাপ্লিমেন্টারি পরীক্ষাটি নেওয়ার কথা ভাবছেন তারা। যদি তা সম্ভব না হয়, তখন বিকল্প চিন্তা করা হবে। এ সময় বেলা তিনটার মধ্যে আন্দোলনকারীদের পক্ষে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন ডিন। তিনটায় ডিন অফিসে এ সংক্রান্ত মিটিংয়ে তা নিয়ে আলোচনা করা হবে বলেও জানানো হয়েছে।

তবে ডিনের স্বাস্থ্য ঝুঁকির কথা মানতে নারাজ শিক্ষার্থীরা বলছে, তারা আশা করে কর্তৃপক্ষ তাদের প্রতি আন্তরিক হবে এবং দ্রুত পরীক্ষার ব্যবস্থা করবে। যদি আগামী আগষ্টের ১৫ তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম কোন নির্দেশনা না আসে তাহলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে যাবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা৷

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক