করোনায় চট্টগ্রাম মেডিকেলের ডা. সমিরুলের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বুধবার (২৪ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রামে প্রথম প্লাজমা গ্রহণকারী।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিনের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তরিত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই কার্ডিয়াক অ্যারেস্টে এই বরেণ্য চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে গত ২১ মে থেকে চমেক হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন ডা. সমির। অক্সিজেন সেচুরেশন কমে গেলে ২৬ মে করোনা রোগী হিসেবে চট্টগ্রামে প্রথম প্লাজমা থেরাপি দেওয়া হয় তাকে। মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে ঢাকার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রেখে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা দেওয়া হয়। করোনার চিকিৎসায় এখন পর্যন্ত আলোচিত সবগুলো চিকিৎসা পদ্ধতিই তার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।
তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সার্জন এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবলিটি (এফডিএসআর) গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছ। ডা. সমিরুল ইসলাম বাবুর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬