সম্পূর্ণ ঢাকা শহরে লকডাউন চেয়ে হাইকোর্টে রিট
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সম্পূর্ণ ঢাকা শহরে কড়াকড়ি লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাইফ্রোনেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোটের ভার্চুয়াল আদালতে রিট করেছেন আইনজীবী মনজিল মোরসেদ।
বৃহস্পতিবার (১১ জুন) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলামের পক্ষে তিনি রিট আবেদনটি দাখিল করেছেন।
এতে বলা হয়েছে, ঢাকায় করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেছে। দেশে মোট শনাক্ত রোগীর সিংহভাগই ঢাকা শহরে এবং প্রতিদিন তা বৃদ্ধি পাচ্ছে। সারাদেশ ইতোমধ্যে ১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। গত ১৮ এপ্রিল সরকার অধ্যাপক মো. শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি গঠন করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ওই কমিটি সর্বশেষ ৮ জুন এক সভায় সর্বসম্মতভাবে মৃত্যু কমানোর জন্য বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেন ও কার্যকরী করার সুপারিশ করেন।
সুপারিশে বলা হয়, ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণ লকডাউন করতে হবে। আর তা না হলে মৃত্যু মেনে নিতে হবে। এলাকাভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না। কারণ ঘনবসতির এই শহরে হলুদ জোন, লাল জোন মিলেমিশে আছে। ঢাকাকে পুরোপুরি লকডাউন করতেই হবে। এ ধরনের স্পষ্ট তথ্য নির্ভর বা তথ্য বিশ্লেষণ করে পরামর্শ দিয়েছে মহামারী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব কমিটি। বিস্তারিত আলোচনার পর জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি তাদের সঙ্গে একমত হন এবং সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়।
এতে আরও বলা হয়, বারবার পরামর্শ ও তাগিদ দেওয়ার পর এখনও জীবন বাঁচানোর প্রয়োজনীয় একটি চিকিৎসাকৌশল, হাইফ্লোনেজাল অক্সিজেন ক্যানোলার ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে অনতিবিলম্বে এর জোগান নিশ্চিত করার জন্য জোরালো প্রদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন তারা। এ ব্যবস্থাপনায় সব ধরনের জটিলতা দূর করে, প্রয়োজনে আলাদা রেজুলেশন করে মানুষের জীবন রক্ষায় হাইফ্লোনেজাল অক্সিজেন ক্যানোলার পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বলেও মতামত দেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারে কমিটি জোর দিয়ে বলে, চিকিৎসকরা ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। তাদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত না করলে স্বাস্থ্যব্যবস্থা ও সেবা ভেঙে পড়বে। ইতোমধ্যে তা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং করোনায় আক্রান্ত চিকিৎসকদের ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহের সার্বিক সুবিধাসহ আলাদা হাসপাতালের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রিটে জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা শহরকে লকডাউন ঘোষণা করা এবং হাইফ্লোনাসাল অক্সিজেন ক্যানুলা বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়াও লকডাউন চলাকালে ঢাকার দুই মেয়র যাতে কাউন্সিলরদের মাধ্যমে ঢাকার প্রত্যেক এলাকায় গরিবদের মাঝে খাদ্য এবং ওষুধ সরবরাহ করে তার নির্দেশনা চাওয়া হয়েছে।
এতে ঢাকার দুই মেয়র, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রীর সচিবালয়, স্বাস্থ্য ও অর্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, র্যাব মহাপরিচালক ও ঢাকার পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। মারা গেছেন ১ হাজার ৪৯ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪