নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে
মেডিভয়েস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তাকে এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে। এমতাবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়ার প্রস্তুতি চলছে।
নাসিমের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সোম, মঙ্গল ও বুধবার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ডাক্তাররা বলছেন, তিনি এখন পুরোপুরি করোনামুক্ত। তবে নাসিম এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) আছেন।
মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল। পরিবার চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নিতে পারে।
নাসিমের পরিবারের একটি সূত্র বৃহস্পতিবার সকালে জানায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছে তাদের আছে। মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় খোঁজ নিতে শুরু করেছেন পরিবারের সদস্যরা। সিঙ্গাপুরে চিকিৎসার কাগজপত্র পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে।তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।
দ্বিতীয় দফায় পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষে আজ নাসিমের চিকিৎসায় নতুন সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
প্রসঙ্গত, রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা শনাক্ত হয়। ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি ব্রেণ স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪