স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে বরাদ্দ বাড়ানো হয়েছে: তথ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর জন্য এবারের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আগামী অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনি পড়েছে এবং এর ফলে যে সম্ভাব্য মন্দার আশংকা রয়েছে, সরকার সেটি বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করেছে। একইসঙ্গে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর জন্য এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাছাড়া গত একনেক সভায় প্রায় আড়াই হাজার কোটি টাকার আরো দুটি প্রকল্প পাশ করা হয়েছে এবং কোভিড-১৯ মোকাবিলায় ভবিষ্যতে আরো প্রকল্প নেওয়া হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক কোটি মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা ও করোনাকালে প্রায় সাত কোটি মানুষকে নানাভাবে যে সহায়তা দেওয়া হয়েছে, এ বাজেটেও তার প্রতিফলন থাকবে।’
তিনি আরও বলেন, ‘ইতালি, স্পেন, বৃটেন, বেলজিয়ামসহ ইউরোপের অন্যান্য দেশ ও আমেরিকার নিউইয়র্কেও যেখানে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছিল না এবং যেখানে এখনও প্রতিদিন মৃত্যু ঘটছে, সেসব স্থানেও কিছুদিন আগেই লকডাউন তুলে দিয়ে অর্থনীতির চাকা সচল করা হয়েছে। তারা উন্নত অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও মাসের পর মাস লকডাউন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর ভারত, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশ তো বিভিন্ন কাজকর্ম ও যোগাযোগ খুলে দিয়েছেই।’