সংসদে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে প্রায় ৪৫০ জনের কোভিড-১৯ পরীক্ষার পর সোমবার পর্যন্ত ৪৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তবে এদের অধিকাংশেরই তেমন কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ।
এদিকে দায়িত্বরত ৮২ জন আনসার সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সংসদে কর্মরত তিনজন পুলিশ সদস্যেরও করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। সংসদের ৪৩ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবরে সংসদে কর্মরত বাকিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আগামী বুধবার শুরু হচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। পরদিন বাজেট উত্থাপন হবে, পাস হবে ৩০ জুন।
করোনাভাইরাস মহামারীর এই সময়ে সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত প্রায় ৪৫০ কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। সোমবার তা শেষ হয়েছে।
জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, “ধাপে ধাপে কয়েক দফায় পরীক্ষা করা হয়েছে। “যাদের পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে, তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।”
তিনি বলেন, “যাদের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের তেমন কোনো উপসর্গ ছিল না বলে আমরা জানতে পেরেছি।” বাংলাদেশে এ পর্যন্ত ৬৮ হাজার ৫০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজন মন্ত্রীসহ মোট ছয়জন সংসদ সদস্যও আক্রান্ত হয়েছেন।
সংসদের মেডিকেল সেন্টারের এক কর্মকর্তা জানান, সোমবার ১১ জনের নমুনায়, রোববার ১৬ জনের এবং শনিবার চারজনের নমুনায় সংক্রমণ ধরা পড়ে। বাকিরা আগে শনাক্ত হয়েছে। যাদের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে, তাদের মোবাইল ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে বাজেট অধিবেশন চলার সময় বরাবরের মতোই জাতীয় সংসদ ভবন এলাকায় চলাচল নিয়ন্ত্রিত হবে।
সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, অধিবেশন শুরুর আগের দিন ৯ জুন রাত ১২ থেকে সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪