২৫ নভেম্বর, ২০২৬ ০৫:১০ পিএম
এএমআরের নজরদারি প্রতিবেদন

সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট

সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অ্যান্টিবায়োটিক কার্যকারিতা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নজরদারি প্রতিবেদনে। এতে দেখা গেছে, আইসিইউতে পরীক্ষা করা অ্যান্টিবায়োটিক ও জীবাণুর সমন্বয়ের ৯০ শতাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট ওষুধের প্রতি জীবাণুর সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার কম। আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের রক্তের নমুনায় এই হার আরও বেশি, ৯৩ শতাংশ।

বিশেষজ্ঞদের মত, এ পরিস্থিতি গুরুতর সংক্রমণে আক্রান্ত রোগীদের চিকিৎসাকে আরও জটিল করে তুলতে পারে। কারণ, যেসব অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত গুরুতর সংক্রমণের চিকিৎসা করা হয়, সেগুলোর কার্যকারিতাও অনেক জীবাণুর বিরুদ্ধে কমে আসছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ২০২৬ সালের জাতীয় এএমআর নজরদারির ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ থেকে সংগ্রহ করা ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করা হয়। এসব নমুনা থেকে ৮৫ হাজার ৫২০টি কালচার-পজিটিভ আইসোলেট পাওয়া যায়। শনাক্ত জীবাণুর ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে ই. কোলাই ৩৩ শতাংশ এবং কে. নিউমোনিয়া ২১ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সব ধরনের চিকিৎসাস্থল মিলিয়ে অ্যান্টিবায়োটিক-জীবাণু সমন্বয়ের ৫২ শতাংশ ক্ষেত্রে সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। তবে চিকিৎসার স্থান ও সংক্রমণের ধরন অনুযায়ী পরিস্থিতির অবনতি হয়েছে। প্রস্রাবের নমুনায় এ হার ৪৬ শতাংশ হলেও রক্তের নমুনায় ৭২ শতাংশ, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩ শতাংশ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ।

আইসিইউতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সেখানে পরীক্ষিত সমন্বয়ের ৯০ শতাংশই রেড জোনে রয়েছে। অর্থাৎ এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যান্টিবায়োটিকের প্রতি জীবাণুর সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার নিচে।

কার্বাপেনেমেও কমছে কার্যকারিতা

গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক কার্বাপেনেমের কার্যকারিতাও কমছে। নজরদারি প্রতিবেদনে দেখা গেছে, আইসিইউতে গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিপেনেম ও মেরোপেনেমের সংবেদনশীলতা মাত্র ৪ থেকে ৩৩ শতাংশ।

আইসিইউ রোগীদের রক্তের নমুনায় কে. নিউমোনিয়ার বিরুদ্ধে ইমিপেনেম ও মেরোপেনেমের সংবেদনশীলতা মাত্র ১০ থেকে ১২ শতাংশ। একই নমুনায় অ্যাসিনেটোব্যাক্টারের ক্ষেত্রে তা আরও কম, মাত্র ৫ থেকে ৮ শতাংশ।

এ ছাড়া ২০২২ সালের তুলনায় ২০২৬ সালে ইমিপেনেম প্রতিরোধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাসিনেটোব্যাক্টারে এই হার ৪৩ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশ, পি. অ্যারুজিনোসায় ২৫ শতাংশ থেকে ৪৭ শতাংশ এবং কে. নিউমোনিয়ায় ১৫ শতাংশ থেকে ৪১ শতাংশ হয়েছে।

বিকল্প অ্যান্টিবায়োটিকও সীমিত

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কলিস্টিন এখনো তুলনামূলকভাবে বেশি কার্যকর। বিভিন্ন জীবাণুর ক্ষেত্রে এর সংবেদনশীলতা ৮৮ থেকে ৯৭ শতাংশ। তবে কলিস্টিনকে শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয়। ফলে এর যথেচ্ছ ব্যবহার ভবিষ্যতে চিকিৎসার বিকল্প আরও সংকুচিত করতে পারে।

অন্যদিকে, অ্যাসিনেটোব্যাক্টার ১৩টি পরীক্ষিত অ্যান্টিবায়োটিকের মধ্যে ১২টির ক্ষেত্রেই রেড জোনে ছিল। রক্ত, প্রস্রাব, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ কিংবা আইসিইউ—কোনো ক্ষেত্রেই পি. অ্যারুজিনোসার বিরুদ্ধে গ্রিন জোনে থাকা কোনো বিকল্প অ্যান্টিবায়োটিক পাওয়া যায়নি।

প্রতিবেদনের আরেকটি উদ্বেগজনক তথ্য হলো, আইসিইউতে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর হার ৯৩ শতাংশ। সার্বিকভাবে এ হার ৫৫ শতাংশ। অর্থাৎ আইসিইউতে শনাক্ত জীবাণুর বড় একটি অংশ একাধিক শ্রেণির অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী।

ব্যবহার বেশি, কার্যকারিতা কমছে যেসব অ্যান্টিবায়োটিকের

নজরদারি প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ধরনেও অসংগতি উঠে এসেছে। ১৯ হাজার ৩৮৬টি অ্যান্টিবায়োটিক ব্যবহারের রেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, ৭৫ শতাংশ ব্যবহার ছিল ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিকের। বিপরীতে অ্যাকসেস গ্রুপের ব্যবহার ছিল মাত্র ১৬ শতাংশ।

হাসপাতালের আইসিইউতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের মধ্যে মেরোপেনেমের অংশ ৩১ শতাংশ। অন্যদিকে সাধারণ ওয়ার্ডে সেফট্রিয়াক্সোন ব্যবহারের হার ৩৯ শতাংশ। অথচ এসব ওষুধের বিরুদ্ধে বিভিন্ন জীবাণুর প্রতিরোধ বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ধরন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্রে প্রয়োজনীয় পরিবর্তন আসছে না। কালচার পরীক্ষার ভিত্তিতে চিকিৎসা দেওয়ার ঘাটতি এবং সীমিতসংখ্যক অ্যান্টিবায়োটিকের ওপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করছে।

ল্যাবরেটরি পরীক্ষার সক্ষমতা নিয়েও উদ্বেগ

অ্যান্টিবায়োটিক প্রতিরোধ শনাক্ত ও কার্যকর চিকিৎসা নির্ধারণে ল্যাবরেটরির সক্ষমতার ঘাটতিও বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলিস্টিন, ভ্যানকোমাইসিন ও নতুন কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সাধারণ ডিস্ক ডিফিউশন পদ্ধতিতে নির্ভরযোগ্যভাবে নির্ণয় করা যায় না। এসব ক্ষেত্রে মিনিমাম ইনহিবিটরি কনসেনট্রেশন (এমআইসি) পরীক্ষা প্রয়োজন।

কিন্তু দেশের অধিকাংশ ল্যাবরেটরিতে এমআইসি পরীক্ষা করার পর্যাপ্ত সক্ষমতা নেই। ফলে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রকৃত সংবেদনশীলতা নির্ধারণ এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে।

এ ছাড়া হাসপাতালের ওয়ার্ডগুলোতে অ্যাসিনেটোব্যাক্টারসহ বিভিন্ন পরিবেশগত ব্যাকটেরিয়ার সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। এসব জীবাণু শনাক্ত করা সাধারণ ল্যাবরেটরির জন্য কঠিন এবং চিকিৎসার বিকল্পও সীমিত।

পদক্ষেপ নেওয়ার সুপারিশ

এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেদনে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ জোরদার, কালচার পরীক্ষার ভিত্তিতে অ্যান্টিবায়োটিক নির্বাচন এবং বিশেষ করে আইসিইউতে পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি কলিস্টিনের মতো শেষ ভরসার অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ, হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ব্যবস্থা শক্তিশালী করা, ল্যাবরেটরির এমআইসি পরীক্ষার সক্ষমতা বাড়ানো এবং সর্বশেষ নজরদারি তথ্যের ভিত্তিতে চিকিৎসার জাতীয় নির্দেশিকা হালনাগাদ করার সুপারিশ করা হয়েছে।

সামগ্রিকভাবে নজরদারির ফলাফল বলছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এখন শুধু ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি নয়; হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে এটি ইতিমধ্যেই গুরুতর চিকিৎসাগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে যেসব রোগীর জীবন বাঁচাতে দ্রুত ও কার্যকর অ্যান্টিবায়োটিক প্রয়োজন, তাঁদের চিকিৎসায় বিকল্প সংকুচিত হওয়ার বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত